২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর ও ঝিনাইদহে অস্ত্রসহ দুই ‘চরমপন্থী’ গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ চরমপন্থী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

মেহেরপুর/ঝিনাইদহ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ চরমপন্থী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট সাজ্জাদ রায়হান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গাংনী উপজেলার হিন্দা গ্রাম থেকে ইকাজ তুল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শাটার গান, চারটি গুলি, চারটি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়। হিন্দা গ্রামের ফিলো উল্লাহর ছেলে ইকাজ (৩৯) চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে সাজ্জাদ জানান। তিনি সাংবাদিকদের বলেন, হিন্দা গ্রামের একটি মাঠে কয়েকজন অস্ত্রধারী চরমপন্থী নাশকতার পরিকল্পনা করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। “মাঠটি ঘিরে ফেলা হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ইকাজ তুল্লাহকে অস্ত্র গুলি ও বোমাসহ আটক হয়। তবে বাকিরা পালিয়ে যায়।” গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত ইজাক তুল্লাহকে পুলিশে হাতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, ইকাজ ওই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুটি হাত বোমাসহ অব্দুল মতলেব ম-ল এক চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, শুক্রবার ভোরে উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে মতলেবকে গ্রেপ্তার করা হয়। সে কেষ্টপুর গ্রামেরই বাসিন্দা। হামিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য মতলেবকে গ্রেপ্তার করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কিউএইচ/জেকে/১৬২৩ ঘ.