ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার লাখো মানুষ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা এবং মেঘনা অববাহিকায় পানি বাড়ছে এবং এই ধারা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-র্পূবাঞ্চলের (সিলেট ও সুনামগঞ্জ) বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আশা থাকলেও ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বগুড়ার সারিয়াকান্দিতে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার এবং ধুনটে ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এ নদীর পানি জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিরাজগঞ্জের কাছে তা ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার, যমুনা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা সামান্য কমে ১৪৭, ৬১ ও ৫৫ সেন্টেমিটার ওপর দিয়ে বইছে। অমলসিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানিও কমেছে, প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১৯৪, ৯৫ ও ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে।
বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
কুড়িগ্রাম
উজান থেকে নেমে আসা ঢলে শুক্রবার কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সব ক’টি নদীতেই পানি বেড়েছে।
জেলার ব্রহ্মপুত্র নদের পানি আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় রৌমারী ও রাজিবপুর উপজেলার ৩০টি গ্রামের আরো ৫০ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে।”
এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রৌমারী উপজেলার গোলাবাড়ী নামক স্থানে ব্রহ্মপুত্রের পানির তোড়ে ডিসি রাস্তার ৬০ ফুট এলাকা ভেঙে গেছে। ফলে রাজিবপুর উপজেলার সঙ্গে রৌমারীর সড়ক যোগাযোগ এবং রৌমারী উপজেলার সাথে ঢাকাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান দুপুরে জানান, কুড়িগ্রাম সদর, চিলমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, রাজারহাট ও উলিপুর উপজেলার ৫৩টি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
রংপুরের বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক হাবিবুর রহমান সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
বন্যার্তদের জন্য জরুরি ভিত্তিতে ৫০০ টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে জেলা প্রশাসন।
বগুড়া
বগুড়ায় যমুনা নদীর পানি বাড়ছেই। শুক্রবার বিকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সারিয়াকান্দিতে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার এবং ধুনটে ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার কমপক্ষে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় এই দুটি উপজেলার দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলের কাজলা, হাটশেরপুর, বোহাইল, চন্দনবাইশা, মথুরাপাড়া, কর্নিবাড়ি, চালুয়াবাড়ি ইউনিয়ন অনেকটাই বন্যার পানিতে তলিয়ে গেছে।
তিনি জানান, এতে করে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাকি ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন আংশিক তলিয়ে গেছে।
ধুনটের ইউএনও আতাউল গনি জানান, যমুনায় পানি বৃদ্ধির ফলে ধুনটের বন্যা নিয়ন্ত্রন বাধের পূর্ব পাশের রাধানগর ও বৈশাখীর চরসহ মিমুলবাড়ী, শহরাবাড়ি, ভান্ডারবাড়ি, কৈয়াগাড়ি, ভূতবাড়ি, কচুগাড়ি, বানিয়াযান, পুকুরিয়া, বড়ইতলী সহ ১২টি গ্রাম তলিয়ে গেছে। গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে।
গাইবান্ধা
জেলার ব্রহ্মপুত্র, যমুনা, ঘাগট, করতোয়া ও তিস্তা নদীর পানি বাড়ায় গাইবান্ধার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। শুক্রবার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ব্রহ্মপুত্র নদের পানি ৭২ সেন্টিমিটার, যমুনা নদীর পানি ৭২ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ৪৮ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংশ্লিষ্ট উপজেলার ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা, সদর উপজেলার ১১৫টি গ্রাম প্লাবিত হয়ে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে পড়েছে।
সিরাজগঞ্জ
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে শহরতলীর ৫/৬টি গ্রামসহ জেলায় ৩০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।
এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেলকুচি, কাজীপুর, চৌহালী উপজেলার সঙ্গে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।
এদিকে পানি বৃদ্ধির ফলে যমুনা নদীতে প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় হুমকির মুখে রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর গতিপথ পরিবর্তনের জন্য যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে।
ড্রেজিংয়ের কার্যক্রম এক বছর চললেও নদীর গতিপথ পরিবর্তনে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে আবারও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট হুমকির মুখে পড়েছে বলে জানান জেলা প্রশাসক।
জামালপুর
জামালপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ইসলামপুরের উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যায় জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি, বেলগাছা, সাপধরি, নোয়ারপাড়া, পাথশী ও কুলকান্দি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চিনাডুলি ইউনিয়নে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে।
নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া-মাহমুদপুর ইউনিয়নের করিরতাইর এলাকার প্রায় পাঁচশ মিটার সড়ক বাঁধ ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল।
তিনি জানান, এর ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, চিনাডুলির বিভিন্ন স্থানে সড়ক বাঁধ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
সিলেট
সুরমা ও কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের তিন উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপিরিবর্তিত রয়েছে অন্য তিন উপজেলার বন্যা পরিস্থিতি। সিলেট নগরীর বন্যাদুগর্ত এলাকাগুলেও এখনো হাঁটু পানির নিচে।
বন্যায় এ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৩ লাখেরও বেশি মানুষ। বন্ধ রয়েছে প্লাবিত এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট-গোয়াইনঘাট, সিলেট-কানাইঘাট, সিলেট-জকিগঞ্জ সড়ক যোগাযোগও গত কয়েকদিন ধরে বন্ধ।
সিলেট জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম জানান, বৃষ্টি না হওয়ায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর ও কানাইঘাট বন্যার পানি প্রায় অর্ধেক নেমে গেছে। তবে কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
জেলা প্রসাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ১০ লাখ টাকা।
এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পনি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো চিড়া ও বিস্কুট বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সিলেট নগরীর ১৫টি এলাকায় বন্যা পরিস্থিতি শুক্রবারও অপরিবর্তিত রয়েছে। উপশহর, তেররতন, মেন্দিবাগ, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, যতরপুর, মাছিমপুর, কুশিঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, নবাবরোড এলাকায় বাসা-বাড়িতে পানি ঢোকায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
দুর্গতদের জন্য সিলেট সিটি কর্পোরেশনে ৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তিন হাজারেরও বেশি মানুষ এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সিলেটের সিভিল সার্জন ডা. কামরুল ইসলাম জানান, জেলার ১০৬টি ইউনিয়নের মধ্যে ৫৮টিকে বন্যা উপদ্রুত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ৪৯টি মেডিকেল টিম কাজ করছে।
এ পর্যন্ত ৮০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এসব এলাকায়। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ওষুধও মজুদ রয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার
জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে পানি নামতে শুরু করায় শুক্রবার বিকাল পর্যন্ত অনেক এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে। তবে বাঁকখালী নদীতে স্থানীয়রা শত শত মৃত গবাদিপশু ভেসে আসতে দেখেছেন। পানিবন্দি এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের অভাব রয়েছে।
জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলায় কিছু ত্রাণ তৎপরতা চলেছে। বাকি উপদ্রুত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসন। তাদের আশা, আগামী দু’তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, কাউয়ারখোপ, রশিদনগর, খুনিয়াপালং, চাকমারকুল, জোয়ারিয়ানালা, গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড় ইউনিয়ন থেকে পানি নামতে শুরু করেছে। তবে এসব ইউনিয়নের শতাধিক ওয়ার্ডে গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, ১৫টি স্থানে বাঁধ ও সড়ক ভেঙে উপজেলার রামু চৌমুহনী-নাইক্ষ্যংছড়ি, রামু-মরিচ্যা আরাকান, রশিদনগর-ধলিরছড়া, চেইন্দা-রাজারকুল, ঈদগাঁহ-ঈদগড়, তেচ্ছিপুল-লম্বরীপাড়া সড়কের বেশ ক্ষতি হয়েছে।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানান, তার উপজেলায় প্রায় ৩০ হাজার বানভাসি সড়ক ও বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, “সরকারি ভাবে কিছু অর্থ সাহায্য পৌঁছলেও তা খুবই অপ্রতুল। এখন এলাকার উন্নয়নে প্রচুর বরাদ্দ দরকার।”
পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূল থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। এ পর্যন্ত সরকারিভাবে ৫৯ টন চাল বরাদ্দ পাওয়া গেছে।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী সাংবাদিকদের জানান, উপজেলার ৭ ইউনিয়নের ৬৫ হাজার লোক বন্যায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/এসইউ/২৩১৬ ঘ.
bdnews24