নাটোর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘবদ্ধ জুয়াড়িরা ফাঁড়িতে হামলার সময় ‘সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারায়’ নাটোরের লালপুর থানার একটি ফাঁড়ির চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বুধবার বিকালে আব্দুলপুর রেল স্টেশন বাজার এলাকায় জুয়াড়িদের আসরে অভিযান চালানোর পরই রাতে তারা সংঘবদ্ধ হয়ে সেখানকার পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুলপুর পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যকে নাটোর জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া বলে জানান লালপুর থানার ওসি মো. মতিয়ার রহমান।
প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ও নজরুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান ও উজ্জল মিয়া।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে পুলিশের একটি দল রেল স্টেশন এলাকায় জুয়াড়িদের আসরে অভিযান চালিয়ে তাদের আটকের চেষ্টা করে। এসময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আসর থেকে বের হয়ে জুয়াড়িরা সংঘবদ্ধভাবে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এসময় জুয়াড়িরা এসআই লুৎফর রহমান, এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল মুকুল চন্দ্রকে আহত করে এবং তাদের গায়ের জামা ছিঁড়ে নেয়। পরে লালপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
তাদেরকে রাতে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওসি জানান, রাতেই এসআই নজরুল ইসলাম সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ২২ জনের নামোল্লেখ করে ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে চার পুলিশ সদস্যের প্রত্যাহারের আদেশ পাওয়া পর সন্ধ্যায় তাদেরকে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকীকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩২২ ঘ.
bdnews24