২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ: নিহতের সংখ্যা বেড়ে ১১০

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেট এলাকায় অতিবর্ষণ, পাহাড়ী ঢল, পাহাড় ধস ও বজ্রপাতের ঘটনায় নিহতের সংখ্যা ১১০ জনে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেট এলাকায় অতিবর্ষণ, পাহাড়ী ঢল, পাহাড় ধস ও বজ্রপাতের ঘটনায় নিহতের সংখ্যা ১১০ জনে পৌঁছেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে ৩১ জন, কক্সবাজারে ৪১ জন, বান্দরবানে ৩৬ জন এবং সিলেটে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিনের পর মঙ্গলবার দিনভর বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়। অন্যদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয় সিলেটের বিস্তীর্ণ এলাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব আসলাম আলম বৃহস্পতিবার মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেন। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় এ বৈঠকে। চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোর ত্রাণ কার্যক্রম সমন্বয় ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুট মণিকে। তিনি চট্টগ্রামে থেকে এ কার্যক্রম তদারকি করবেন। দুর্যোগ কবলিত পাঁচ জেলার ত্রাণ কার্যক্রম সমন্বয় এবং প্রশাসনকে সহায়তা করতে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে জেলাগুলোতে পাঠানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। এই কর্মকর্তাদের মধ্যে তিনজন পরিচালক ও দুইজন উপ-পরিচালক। তারা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও সুনামগঞ্জে দায়িত্ব পালন করবেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদকে ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবারও মন্ত্রণালয় ও এনডিআরসিসি খোলা থাকবে। বৈঠকে দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা ও পয়ঃনিষ্কাশণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে সিদ্ধান্ত হয়, ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যেতে আগ্রহী, তাদের বাড়িঘর মেরামতের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে গৃহনির্মাণ সহায়তা দিতে ১১ লাখ টাকা মজুদ রয়েছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিনের অতি বর্ষণ, পাহাড়ী ঢল ও আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য হিসেবে সরকার এ পর্যন্ত এক কোটি ২০ লাখ টাকা এবং এক হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬০১ ঘ.