২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়ে আজিমের প্রশ্ন

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা রাখার বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা রাখার বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় তিনি বলেন, “মন্ত্রীর ওপর সুপার মন্ত্রী হিসেবে উপদেষ্টরা থাকবেন এর কোনো বিধান নেই। মন্ত্রিপরিষদে ৪২ জন মন্ত্রী আছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঝগড়া আছে।” সম্প্রতি সহকারীর অর্থ কেলেঙ্কারির অভিযোগের কারণে রেলমন্ত্রীর পদ থেকে সুরঞ্জিত সেনগুপ্ত সরে দাঁড়ানোর পরও তাকে মন্ত্রিপরিষদে রাখার প্রসঙ্গ টেনে স্বতন্ত্র এই সাংসদ বলেন, “৪২ জন মন্ত্রীর দরকার নেই। একজন কালো বেড়াল খুঁজলেন। আবার লেজ গুটিয়ে চলে গেলেন। কিন্তু তাকে আবার পোর্টফোলিও ছাড়া মন্ত্রী করা হল। এগুলোর দরকার নেই।” ফজলুল আজিমের বক্ত্যবের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “তিনি (ফজলুল আজিম) অতীত ভুলে গেছেন। জিয়াউর রহমান একগাদা টেকনোক্রেট মন্ত্রী বানিয়েছিলেন। রাজাকারদের কীভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তা সারা দেশ ও বিশ্ব জানে। তখন তিনি কোনো ত্রুটি দেখতে পাননি।” “মজনুর দৃষ্টিতে দেখবেন না, অন্য দৃষ্টিতে দেখবেন- এটাই হলো আসল কথা”, বলেন মতিয়া। এরপর মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে আজিম বলেন, “ট্রেজারি বেঞ্চে (সরকারি দল) গেলে সবাই অতীত ভুলে যায়। তিনি (মতিয়া) এক সময় লিডার অফ দ্যা প্রলেতারিয়েত ছিলেন। আমরাও তার পিছনে মিছিল করেছি। আমি ভোল পাল্টাইনি, জনগণের সাথেই আছি।” সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকা- নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে নোয়াখালীর এই সংসদ সদস্য বলেন, “বেডরুম কেন ? অন্যান্য ছোট কামরাও রক্ষা করা সরকারের দায়িত্ব।” ফজলুল আজিম মঞ্জুরি দাবির ওপর কথা না বলে ‘অপ্রাসঙ্গিক’ কথা বলছেন মন্তব্য করেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জনপ্রশাসন নিয়ে এর আগে আজিম বলেন, “আশরাফুল সাহেব ব্যস্ত মানুষ। যোগ্য প্রতিমন্ত্রী থাকায় উনাকে মন্ত্রণালয়ে যেতে হয় না। উনি অন্য কাজে ব্যস্ত থাকেন।” আজিমের ভাষায়, সিনিয়র সচিবদের রাখা হয়েছে ‘অযোগ্য’ সচিবদের ‘সাপোর্ট’ দেওয়ার জন্য। জনপ্রশাসন নিয়ে আজীমের বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “বিএনপির আমলে খাতায় না লিখেই বিসিএসে উত্তীর্ণ হওয়া যেত। হাওয়া ভবন থেকে লিস্ট আসত। পিএসসির সদস্যদের বলা হতো- আপনারা প্রশ্ন করেছেন আপনারাই উত্তর লিখে দেন।” এর আগে ছাঁটাই প্রস্তাবের ওপর ফজলুল আজিম ‘অপ্রাসঙ্গিক’ কথা বলায় ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে দেওয়ার কথা বললে আজিম ওয়াক আউট করার হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/জেকে/১৪৫৫ ঘ.