মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানীর পেছনে তিনটি কারণকে দায়ী করেছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবাদী সংগঠনগুলো।
তারা বলছেন, পুর্নবাসনের উদ্যোগ না থাকা, অবৈধভাবে পাহাড় দখলকারী প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং সরকারি তদারকির অভাবে না থাকায় পাহাড় ধসে প্রাণহানি ঠেকানো যাচ্ছে না।
পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছর বর্ষা এলেই প্রশাসনের তরফ থেকে নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বছরের অন্য সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি না থাকায় বারবার পাহাড় ধসে জানমালের ক্ষতি হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
গত দুইদিনে প্রবল বর্ষণে চট্টগ্রাম মহানগরী ও জেলার ছয়টি স্থানে পাহাড় ধসে মারা গেছে শিশুসহ ২৩ জন।
টানা বৃষ্টির পর ধসের ঝুঁকির কারণে নগরীর খুলশিতে বিশ্বকলোনি এলাকায় পাহাড়ের পাদদেশের ঘর থেকে গত সোম ও মঙ্গলবার ১০০ পরিবারকে জোর করে তুলে দেয় প্রশাসন। সরে যাওয়ার জন্য মাইকিংও করা হয়। কিন্তু স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের তুলে দেওয়ায় অনেকেই আবার নিজেদের ঘরে ফিরে যান।
এই বিশ্বকলোনির হাবড়াতলীতেই মঙ্গলবার রাতে পাহাড় ধসে নিহত হন একই পরিবারের পাঁচজন।
শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছরই বর্ষা আসার আগে প্রশাসন একটু নড়েচড়ে বসে। পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেয়। কিন্তু বছরের বাকি সময় তাদের আর খোঁজ থাকে না।”
পাহাড় ধসে মানবিক বিপর্যয় ঠেকাতে প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী নগরের নিম্ন আয়ের মানুষদের পুর্নবাসন করার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্ষাকালে পাহাড় ধসে বিপর্যয় ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট পাহাড় মালিকদের সাড়া না থাকায় এসব উদ্যোগে পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না।”
“নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থায়ী পুর্নবাসন যেমন কষ্টকর, তেমনি তাদের সেখান থেকে উচ্ছেদ করাটাও কঠিন”, বলেন তিনি।
বিশ্বকলোনি এলাকার পাহাড় থেকে উচ্ছেদের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শতাধিক পরিবারের সদস্যদের উচ্ছেদের পর তারা আবারো সেখানে ফিরে গেছেন। এছাড়া অনেক স্থানে উচ্ছেদের সময় প্রশাসনকে বাধাও দেওয়া হয়েছে।
২০০৭ সালের পাহাড় ধসে চট্টগ্রামে ১২৭ জনের মৃত্যু হলে এই পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটি ১৩টি পাহাড়ের পাদদেশে সাত থেকে আটশ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে বলে চিহ্নিত করে। এসব পাহাড়ের বেশিরভাগেরই মালিক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
ওই কমিটি ঝুঁকিতে থাকা পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নিলেও গত পাঁচ বছরে তা কার্যকর করতে পারেনি।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, “পাহাড় ধসে প্রাণহানী রোধে সংশ্লিষ্ট পাহাড় মালিকদেরও অবৈধ বসবাস বন্ধের বিষয়টি সারা বছর দেখভাল করা উচিৎ। ”
নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবর শাহ মাজার সংলগ্ন রেলওয়ের মালিকানাধীন কবরস্থান পাহাড়ের একাংশ মঙ্গলবার রাতে ধসে পড়ে পাদদেশে গড়ে ওঠা ইয়াসিন কলোনির ২০-২৫টি কাঁচা বসতঘরের ওপর। মারা যান একই পরিবারের তিনজনসহ সাতজন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম বলেন, প্রবাবশালী কিছু লোক ওই কলোনিতে অবৈধভাবে ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকজনদের মধ্যে ভাড়া দিয়ে থাকে।
তিনি বলেন, “ইয়াসিন কলোনিতে যারা থাকেন তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। ঘটনার দিন সকালে ও তার আগের দিন মাইকিং করে সরে যেতে বললেও তারা শোনেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জেকে/১২০৮ ঘ.
bdnews24