২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ইয়াছিন কলোনিতে আরো এক লাশ

এ নিয়ে চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের মধ্যে চট্টগ্রামের খুলশীতে পাহাড় ধসের ঘটনায় আকবর শাহ মাজার সংলগ্ন ইয়াসিন কলোনি থেকে আরো এক তরুণীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে ভানু নামের ৩০ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এর পরপরই সেখানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসীম উদ্দিন। তিনি বলেন, “এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, এখানে আর কেউ নিখোঁজ নেই। এ কারণে জেলা প্রশাসন, সেনা বাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।” নিহত ভানু স্থানীয় একটি স্কুলে আয়ার কাজ করতেন বলে এলাকাবাসী জানায়। টানা কয়েকদিনের বৃষ্টির পর মঙ্গলবার রাতে ইয়াসিন কলোনি সংলগ্ন একটি পাহাড় ধসে নিচে থাকা কয়েকটি বাড়ির ওপর পড়ে। উদ্ধারকর্মীরা সেখান থেকে মোট সাত জনের লাশ উদ্ধার করেছেন। একই রাতে খুলশী থানার বিশ্বকলোনি, মক্কীঘোনার দুটি স্থানে, সীতাকুণ্ডের ছলিমপুরে এবং বাঁশখালীতে পাহাড় ধসে নিহত হন আরো ১৬ জন। এছাড়া নগরীর আমবাগান ও হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায় দেয়ালচাপা পড়ে দুটি শিশু, নগরীতে তিনটি স্থানে তড়িতাহত হয়ে চারজন এবং সাতকানিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা বর্ষণ, পাহাড়ি ঢল, ধস ও বজ্রপাতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে মঙ্গল ও বুধবার অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ২৩ জন, কক্সবাজারে ৩৭ জন, বান্দরবানে ৩৩ জন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর তথ্য জানিয়ে বুধবার জাতীয় সংসদে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আসলাম আলম সাংবাদিকদের বলেছেন, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া অতি বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক কোটি টাকা এবং ১ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি)’ সকাল ৬টা থেকে রাত ১২ পর্যন্ত খোলা রাখা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য এ কেন্দ্রের টেলিফোন নম্বর ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ ও ৭১৬৪১১৫ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৩১ ঘ.