ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১৬ উপসচিবসহ ১৯ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মুর্শিদুল হক খানকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে উপ-পরিচালক, রেলওয়ের উপ-পরিচালক সুকেশ কুমার সরকারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পিপিপি অফিসের উপ-ব্যবস্থাপক ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এহছান-ই-এলাহিকে চট্টগ্রাম রেলওয়ের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
মাঠ প্রশাসনে এডিসি পদে কর্মরত উপসচিব পর্যায়ের ১২ কর্মকর্তাকে নিজ নিজ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে পদায়নের জন্য তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়।
এরা হলেন- নারায়ণগঞ্জের এডিসি মোহাম্মদ খুরশীদ আলম, নরসিংদীর এডিসি আব্দুল্লাহ সাজ্জাদ, শরিয়তপুরের এডিসি নিতাই চন্দ্র সেন, চাঁদপুরের এডিসি ফরিদুল ইসলাম মজুমদার, নোয়াখালীর এডিসি আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের এডিসি একেএম মাসুদুর রহমান, সাতক্ষীরার এডিসি শেখ শামীম হাসান, চুয়াডাঙ্গার এডিসি সাঈদ মাহবুব, মেহেরপুরের এডিসি হোসেন আলী খন্দকার, ঝালকাঠির এডিসি মোহাম্মদ হিরুজ্জামান, রংপুরের এডিসি জাকির হোসেন এবং ঠাকুরগাঁওয়ের এডিসি শাহ আলম।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপ-পরিচালক মো. কায়েসুজ্জামানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের একান্ত সচিব এবং প্রবাসী কল্যাণ সচিবের একান্ত সচিব মো. জিয়া উদ্দিনকে বিএমইটি’র উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা একিউএম জাকির হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের সহকারী পরিচালক এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহকারী প্রোগামার হাসান-উজ-জামানকে ইলেকট্রনিক স্বাক্ষর সনদ প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিএসএ) কার্যালয়ে প্রেষণে নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২০০ ঘ.
bdnews24