২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে প্রশাসনের কাজে অসন্তোষ

বান্দরবানে মঙ্গলবার রাতে দুটি উপজেলায় পাহাড় ধসে মাটি চাপায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিহতের সংখ্যা ৩৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

বান্দরবান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে মঙ্গলবার রাতে দুটি উপজেলায় পাহাড় ধসে মাটি চাপায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিহতের সংখ্যা ৩৩। লামা উপজেলার ফাইতং ও রূপসীপাড়া ইউনিয়নে ২৬ জন এবং নাইক্ষ্যংছড়ির দক্ষিণ বাইশারিতে আরো আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এর মধ্যে ফাইতংয়ে একটি পরিবারের দুই আত্মীয়সহ ১০ সদস্য রয়েছে। বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হলেও দুপুর পর্যন্ত প্রশাসনের কোনো লোক সেখানে না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ফাইতং এর পাশের এলাকার বাসিন্দা নুরুল আমিন সাংবাদিকদের বলেন, “এত বড় একটা দুর্ঘটনা ঘটল, কিন্তু প্রশাসনের কেউ দুপুর পর্যন্ত আসল না।” তবে বেলা ৩টার পরে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ফাইতং পৌঁছান বলে স্থানীয়রা জানান। টানা বর্ষণ, পাহাড় ধস, দেয়ার চাপা পড়ে চট্টগ্রাম বিভাগে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এরমধ্যে বান্দরবানের রয়েছে ৩৩ জন। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বুধবার দুপুরেই প্রশাসণের সহযোগিতা জনগণ পাচ্ছে না বলে সংসদে ক্ষোভ প্রকাশ করেন জাসদ নেতা মইনউদ্দিন খান বাদল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, সদস্য কাঞ্চয় তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ ফাইতং এর দুর্ঘটনাস্থলে যান। বেলা দেড়টার দিকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সরকারি গাড়ি করে তার লোকজন নিয়ে ফাইতং এ পৌঁছান। যদিও তার আগেই সকাল দশটার মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে সব লাশ উদ্ধার করে ফেলে স্থানীয় জনগণ। সকালে ৯টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে ফাইতং এর দুর্ঘটনার ব্যাপারে জানান জন্য উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং থানার ওসি সাইফুল আলমকে ফোন দিলে কারো মোবাইল খোলা পাওয়া যায়নি। ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে পাহাড় ধসে ৭নং ওয়ার্ডের রাইম্যাখোলায় নুরুল ইসলামের পরিবারের ৯ সদস্যসহ ১০ জন মারা গেছেন। এরা হলেন- নুরুল ইসলাম (৪০), তার স্ত্রী রশিদা বেগম (৩২), মেয়ে সাহিমা সুলতানা (১২), রেহেনা আক্তার (১০), তাহছিনা আক্তার (৮), এ্যানি আক্তার (৪), ছেলে আবু হানিফ (৬), নুরুল ইসলামের সম্বন্ধী বশির আহমদ, বশিরের স্ত্রী এবং এই পরিবারের একজন আত্মীয়। এছাড়া রাইম্যাখোলার আবদুস সালাম তার স্ত্রী নাছিমার আক্তার এবং মেয়ে সাহনাজের লাশ সকালে উদ্ধার করেছেন পাহাড় ধসে পড়া ঘরের ভিতর থেকে। একই পাড়ার বদিউল আলম হারিয়েছেন তার ছেলে মো. পেটানকে। শামসুল আলম জানান, এ ছাড়া মগনামাঝিড়ি এলাকায় আশরাফুজ্জামানের পরিবারের ৫ জন মারা গেছেন। এরা হলেন- আশরাফুজ্জামান (৪০), স্ত্রী ফাতেমা বেগম (৩৫), ছেলে মো. কাউছার (১১), আনছার (৭) ও মেয়ে রোজিনা (৩)। একই পাড়ার মো. হাসান পাহাড় ধসে হারিয়েছেন তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও ছেলে মিজানকে (৫)। ৩নং ওয়ার্ডে পোকখাইয়াঝিরি পাড়ায় আবুল খায়েয়ের স্ত্রী মরিয়ম বেগম (৩৫), মেয়ে সীমা আক্তার (৮) ও মো. মামুন (৪) মারা গেছেন মাটি চাপা পড়ে। অপরদিকে লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, রূপসীপাড়া ইউনিয়নের সামাঝিরি এলাকায় একই পরিবারের তিন জন মারা গেছেন। এরা হলেন- গৃহকর্তা নূর আহমদ, তার স্ত্রী ও শিশুপুত্র। নাইক্ষ্যংছড়ি থানার ওসি এস এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে ভারী বর্ষণে উপজেলার দক্ষিণ বাইশারীতে মাটির তৈরি কাঁচা ঘর ধসে একই পরিবারের ৭ জনসহ আটজন মারা গেছে। এরা হলেন- গৃহকর্তা আবদুল হক (৬০), তার স্ত্রী হামিদা বেগম (৫৫) ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী রোকেয়া বেগম (৩০), তাদের মেয়ে পারভীন আকতার (৫), ছেলে সফিউল ইসলাম (৭) ও মোরশেদুল ইসলাম (৩)। এ ছাড়া পাশের বাগান ঘোণা এলাকার মোহাম্মদ কালু (৬০) ঘরে থাকা অবস্থায় পাহাড় ধসে পড়লে মাটি চাপায় মারা যান। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ জানান, স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুরের পক্ষ থেকে প্রত্যেকের লাশ দাফন করার জন্য তিন হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ২০১১ সালের সদর ও লামা উপজেলায় পাহাড় ধসে অন্তত ১০ জন মারা যায়। এর আগের বছরও একই কারণে জেলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয় শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১৫০ ঘ.