পিরোজপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে দুই ছাত্রীকে উত্ত্যকের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে বাড়ি ফেরার পথে পালপাড়ায় করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ইমন নামে ওই তরুণকে আটক করে টহল পুলিশ।
আক্রান্ত দুই ছাত্রী জানিয়েছে, গত এক বছর ধরে দক্ষিণ নামাজপুরের মালেক শেখের ছেলে ইমন স্কুলে আসা যাওয়ার পথে তাদের নানা ধরনের অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করতো। গত কয়েকদিনে এর মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ট হয়ে তারা বিষয়টি অভিভাবকদের জানান।
এদিকে ইমনকে আটকের পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন।
স্থানীয় এক সাংবাদিক জানান, তিনি সেখানে গিয়ে দেখেছেন অভিযুক্ত ইমন মেয়ের বাবার পা ধরে ক্ষমা চাচ্ছে। পরে মেয়েটিকে উত্ত্যক্ত করবে না- এই মর্মে মুচলেকা দিয়ে মা সম্বোধন করে শেষ রক্ষা পায়।
ওসি জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে সমঝোতার পর ইমনকে ছাড়া হয়েছে। ক্ষমা চাওয়ার পাশাপাশি সে আর কখনো উত্ত্যক্ত করবে না বলে মুচলেকা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪১ ঘ.
bdnews24