ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে চট্টগ্রাম, বান্দরবান, সিলেট ও ফেনীতে ভূমিধসে প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বুধবার অধিবেশনে ২০১২-১৩ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই শোক প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, “সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, ফেনীতে কয়েকদিনের প্রবল বর্ষণে মাটি ধসের ঘটনা ঘটেছে। ৯৪ জনের মৃত্যু হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করছে।”
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে আগে থেকে তৎপরতা ছিল জানিয়ে তিনি বলেন, “বান্দরবানে কয়েকদিন আগে থেকেই মাইকিং করা হয়। আমি নিজেই মনিটরিং করেছি।”
যোগাযোগমন্ত্রীর দুঃখ প্রকাশ
প্রবল বর্ষণে সেতু ভেঙে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় চট্টগ্রামগামী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ পরিদর্শনের সময় তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি সাময়িক কষ্ট মেনে নিতে যাত্রীদের প্রতি অনুরোধ জানান।
সেতু ভেঙে মঙ্গলবার থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ। সেতুর মেরামত কাজ চলাকালীন আগামী ১৫ দিন চট্টগ্রামের সব ট্রেন সীতাকুণ্ড থেকে চলাচল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচএ/এমআই/২০২৫ ঘ.
bdnews24