ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে দুই দেশের যৌথ সমীক্ষা শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার প্রেক্ষিতে টিপাইমুখ প্রকল্পের কারণে বাংলাদেশে কী প্রভাব পড়বে তা জানতে যৌথ সমীক্ষা পরিচালনার বিষয়ে ভারত সম্মত হয়েছে।”
ইতোমধ্যে যৌথ সমীক্ষা দলের জন্য বাংলাদেশের প্রতিনিধিদের নাম ভারত সরকারকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, “অচিরেই যৌথ সমীক্ষা শুরু করার প্রক্রিয়া চলছে।”
টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর বিবিসি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।
বাংলাদেশের অন্যতম প্রধান নদী মেঘনার পানির মূল উৎস বরাক নদীর ওপর বাঁধ হলে তার বিরূপ প্রভাব এ দেশে পড়বে বলে বিশেষজ্ঞদের শঙ্কা। বাংলাদেশের পাশাপাশি প্রকল্পস্থল ভারতের মনিপুর রাজ্যেও এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে।
এই পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দল টিপাইমুখ প্রকল্প সম্পর্কে জানতে চেয়ে ভারতে চিঠি দেয়। জবাবে ভারত সরকার বলে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না।
পরে বাংলাদেশের দাবি অনুযায়ী, টিপাইমুখে একটি যৌথ সমীক্ষা দল পাঠানোর বিষয়ে সম্মত হয় ভারত সরকার। বাংলাদেশের পক্ষ থেকে সমীক্ষা দলের প্রতিনিধিদের নামের তালিকা করে ভারতকে পাঠানোও হয়।
বরাক নদীর টিপাইমুখে ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প দেখতে দুই বছর আগে তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের (প্রয়াত) নেতৃত্বে একটি প্রতিনিধি দল টিপাইমুখ রওনা হয়েছিল।
ওই সময় বিরূপ আবহাওয়ার কারণে তাদের প্রকল্প এলাকায় নামানো যায়নি বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআই/জেকে/১৯১২ ঘ.
bdnews24