২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের পাম্প মালিকদের ধর্মঘটের হুমকি

পেট্রোল পাম্পের টাকা ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সময় বেঁধে দিয়েছে খুলনা বিভাগের পাম্প মালিকরা। তাদের দাবি পূরণ না হলে ৩ জুলাই ১৫ জেলায় পাম্প বন্ধ রাখবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

খুলনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেট্রোল পাম্পের টাকা ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সময় বেঁধে দিয়েছে খুলনা বিভাগের পাম্প মালিকরা। তাদের দাবি পূরণ না হলে ৩ জুলাই ১৫ জেলায় পাম্প বন্ধ রাখবেন তারা। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাঙ্কলরি ওনার্স অ্যসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান। তিনি বলেন, গত ২৯ এপ্রিল যশোরে পূবালী ব্যাংকের সিড়ি থেকে করিম গ্রুপের ২৭ লাখ টাকা ও ১২ মে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনিয়া ফিলিংয়ের ৫ লাখ টাকা ডাকাতি হয়। একই মাসে মাগুরা জেলার তেল ব্যবসায়ী হরষিত সাহার ২৯ লাখ টাকা ও খুলনা বিজিবি সদর দপ্তরের সামনে থেকে সুলতানা ফিলিং স্টেশনের ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ছাড়া ৩০ মে বাগেরহাটের শিউলি ফিলিং স্টেশনের ২ লাখ টাকা, ২১ জুন সাতক্ষীরার কালিগঞ্জের স্টার ফিলিং স্টেশনের দেড় লাখ টাকা এবং বাগেরহাটের সুন্দরবন ফিলিং স্টেশনের ৮৫ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন হাফিজ। তিনি বলেন, “একের পর এক পেট্রোল পাম্পগুলোতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ টাকা উদ্ধার বা ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। ২ জুলাইয়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে ৩ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব পাম্পে জ্বালানি তেল বিপণন ও ডিপো থেকে উত্তোলন বন্ধ রাখা হবে।” অন্যদের মধ্যে ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদুল করিম কাবুল, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. হবিবুর রহমান, ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮৫৫ ঘ.