ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীতে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল।
জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে নিজের দেওয়া নোটিসের ওপর আলোচনায় জাসদের কার্যকরি সভাপতি বলেন, “ঘোড়ার ডিমের জলাবদ্ধতা কেন নিরসন করতে পারি না? আমি দাবি জানাব, বিচার বিভাগীয় তদন্ত করা হোক, কে এর জন্য দায়ী।”
কয়েকদিনের টানা বর্ষণে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর দুই-তৃতীয়াংশ এলাকা ডুবে যায়। পাহাড় ধসে নিহত হয় ২১ জন।
জরুরিভিত্তিতে চট্টগ্রামের জন্য ত্রাণ সাহায্য চেয়ে মহাজোট নেতা বাদল বলেন, “সেখানে বিদ্যুৎ নেই, ওয়াসার পানিতে ময়লা, ব্রিজ (রেল) ভেঙে গেছে, বিমান চলছে না। সমৃদ্ধ মহানগরী মৃতপ্রায়।”
চট্টগ্রামে মহাজোটের চারজন সংসদ সদস্য এখন ঢাকায় রয়েছেন। তারা চট্টগ্রাম যেতে পারছেন না জানিয়ে বাদল তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে অনুরোধ জানান।
জলাবদ্ধ চট্টগ্রামে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জাসদ নেতা বলেন, “ডিসি কিছু বলছেন না, কোন সময় তারা সাহায্য পৌঁছাবেন। ডিসিরা নিজেদের কী মনে করে? আওয়ামী লীগ ও মহাজোটের নেতারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। কিন্তু, এক ছটাক চালও দেওয়া যাচ্ছে না।”
সংসদ সদস্যদের পাঠানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “যখন দরকার তখন না পৌঁছে পরে পৌঁছালে এর কোনো মূল্য নেই। দরকার পড়লে বাজেট আলোচনা রেখেই সেখানে যেতে হবে।”
স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম এই আলোচনায় অংশ নিয়ে বলেন, “মেয়র আসছে, মেয়র যাচ্ছে; সরকার আসছে, সরকার যাচ্ছে; কিন্তু জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি।”
স্থানীয় সরকারকে এ বিষয়ে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানান, যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তার দ্বিগুণ দাবি করেছেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।
পরে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “আমরা বুঝতে পারছি উৎকণ্ঠার নিরসন হতে যাচ্ছে। দোয়া করুন, দুর্যোগ থেকে যেন রক্ষা পাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এমআই/১৮২৫ ঘ.
bdnews24