কুমিল্লা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে কুমিল্লায় আরেকটি মানহানির মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শরিফ বুধবার কুমিল্লার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
মহানগর হাকিম কাওসার আহমেদ মামলাটি গ্রহণ করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসিকে ৬ অগাস্ট তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে।
একুশে টেলিভিশনে সোমবার প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে দেখা যায় লন্ডনে এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, ‘আরে, প্রাইম মিনিস্টার কতো না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।”
মামলায় বাদি বলেন, “এটিএন বাংলার চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করেছেন যা বিবেক বর্জিত ও কুরুচিপূর্ণ।”
মাহফুজের ওই মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার সাংাবদিকদের বলেন, মাহফুজ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
একই অভিযোগে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা করেন এমদাদুল হক এমদাদ এক যুবলীগ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬২৬ ঘ.
bdnews24