ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২-১৩ অর্থবছরের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ে (ঢাবি) ৩০৬ কোটি ২০ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।
আগের বছরের চেয়ে এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ২৮ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে। গত বছরের বাজেট ছিল ২৭৭ কোটি ২৯ লাখ টাকার।
তবে বাজেটে অর্থের পরিমাণ বাড়লেও গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র দুই কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা। আর শিক্ষা সহায়ক খাতে বরাদ্দ মোট বাজেটের মাত্র ১০ দশমিক ৭১ শতাংশ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিনেট অধিবেশন শুরু হয়। উপাচার্যের অভিভাষণের পর পেশ করা হয় বাজেট।
প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে যায়, বাজেটে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান অর্থাৎ সরকারি বরাদ্দ আসবে ২৩৭ কোটি ৪০ লাখ টাকা। আর নিজস্ব আয় থেকে আসবে ৩২ কোটি টাকা।
অবশিষ্ট ৩৬ কোটি ৮০ লাখ টাকা ঘাটতি রেখে নতুন অর্থবছর শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাজেটে এ ঘাটতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ।
বাজেটে সর্বোচ্চ ব্যয়ের খাত হচ্ছে- শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন খাত। এ খাতে বরাদ্দ মোট বাজেটের ৮০ শতাংশের বেশি।
ইউজিসির সুপারিশ অনুযায়ী, নিজস্ব আয়ের আকার গত বছর থেকে এক কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছরের বাজেটে শিক্ষা ফি বাবদ আয় চার কোটি ১০ লাখ টাকা ধরা হলেও বছর শেষে তা বেড়ে হয় পাঁচ কোটি টাকা। এবার তা নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা।
বাজেটের ঘাটতি মেটাতে কর্তৃপক্ষের উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত কয়েক বছরের মতো বাজেটে ঘাটতি ক্রমান্বয়ে বাড়ছে। এক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে।
তবে সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর আবেদন করা হবে জানিয়ে তিনি বলেন, “গতবারও বাজেটের পরে সরকারের কাছ থেকে আমরা কিছু অর্থ পেয়েছি।”
সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার অভিভাষণে গত বছরে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকা- সংক্ষেপে তুলে ধরেন।
সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সদস্যরা উপাচার্যের অভিভাষণের ওপর আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২৩৩৬ ঘ.
bdnews24