ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ, পাহাড়ী ঢল, ধস ও বজ্রপাতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে নিহতের সংখ্যা বেড়ে ৯১ জন হয়েছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ৪টা পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ২১ জন, কক্সবাজারে ৩৭ জন এবং বান্দরবানে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আসলাম আলম সাংবাদিকদের বলেন, “উদ্ধার তৎপরতা চলছে। দুর্যোগকালীন স্বেচ্ছাসেবক, ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।”
বর্ষণজনিত দুর্যোগে চট্টগ্রাম বিভাগে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া অতি বর্ষণ, পাহাড়ী ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের জন্য এক কোটি টাকা এবং এক হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে জরুরিভাবে খাদ্য কিনে পরিস্থিতি সামাল দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সচিব জানান।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ী ঢলে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে দুই হাজার ৪১৩ জন মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।
কোথায় কত বরাদ্দ
বরাদ্দ দেওয়া নগদ টাকা ও চালের মধ্যে চট্টগ্রামে ২০ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল, কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবানে ১০ লাখ টাকা, সিলেটে ১০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল, ফেনীতে পাঁচ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল, নেত্রকোনায় দুই লাখ টাকা, ভোলায় দুই লাখ টাকা, পিরোজপুরে দুই লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল, হবিগঞ্জে পাঁচ লাখ টাকা, মৌলভীবাজারে পাঁচ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং মানিকগঞ্জে চার লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও মৌলভীবাজার জেলার জন্য গৃহনির্মাণ বাবদ দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী ও সিলেট জেলার স্থানীয় গুদাম থেকে স্থানীয় প্রশাসন বুধবার দুপুর পর্যন্ত ১৭২ মেট্রিক টন চাল ও সাত লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর মধ্যে চট্টগ্রামে ৭২ মেট্রিক টন চাল ও চার লাখ ৫০ হাজার টাকা, কক্সবাজারে ১৪ মেট্রিক টন চাল, বান্দরবান জেলায় ২২ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা, ফেনী জেলায় ১৪ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা এবং সিলেট জেলায় ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
পর্যবেক্ষণ কেন্দ্র
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি)’ সকাল ৬টা থেকে রাত ১২ পর্যন্ত খোলা রাখা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য এ কেন্দ্রের টেলিফোন নম্বর ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ ও ৭১৬৪১১৫ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৫৯ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স বর্ষণে বিপর্যয়: নিহত ৭১
ক্স কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু
ক্স বান্দরবানে পাহাড় ও ঘর ধসে নিহত ১১
ক্স প্রবল বর্ষণে পাহাড় ধস, চট্টগ্রামে নিহত ১৩
ক্স চট্টগ্রামের সঙ্গে রেল ও বিমান যোগাযোগ বন্ধ
ক্স কক্সবাজারে মাটিচাপায় ৪ জনের মৃত্যু
bdnews24