ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাক পণ্যে উপস্থাপিত কর প্রস্তাব পুনঃবিবেচনা করে এর ওপর ৭০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করার দাবি জানিয়েছে তামাক বিরোধী দুটি সংগঠন।
বুধবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘তামাকে কর: বাজেট প্রতিক্রিয়া ২০১২-১৩’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তামাক বিরোধী সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এবং প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।
লিখিত বক্তব্যে আত্মার আহ্বায়ক রুহুল আমিন রুশদ বলেন, “সিগারেটের মুল্যস্তর বাড়ানোর মাধ্যমে তামাক কোম্পানিগুলোকে বাড়তি মুনাফা লাভের সুযোগ করে দেওয়া হচ্ছে, তা বন্ধ করা হোক। বিড়ি ও সিগারেটের দাম ক্রমাগত বাড়িয়ে ব্যবহারকারীদের নিরুৎসাহিত করতে হবে।”
“তামাক পণ্যের দাম এমন হারে বাড়ানো হোক যেন এর সুবিধা সরকার ভোগ করতে পারে, কোম্পানিগুলো নয়।”
রুশদ অভিযোগ করেন, বিড়ি, সিগারেট, জর্দা ও গুলসহ অন্যান্য তামাক পণ্যের ওপর করারোপের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার জোর দাবি উপেক্ষা করে এবারের বাজেটেও তামাক পণ্যের উপরে নামমাত্র করারোপ করা হয়েছে। আর বিড়ির ওপর করারোপ বিষয়ে একেবারেই ‘নিরব’ থেকেছেন অর্থমন্ত্রী।
তামাক কোম্পানিগুলোকে খুশি করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রুশদ বলেন, আইন সংশোধনের বর্তমান প্রস্তাবটি তামাক নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তি এফসিটিসির আলোকে বিশেষজ্ঞসহ সর্বমহলের মতামত নিয়ে প্রস্তুত করা হয়েছিলো।
“সে প্রস্তাবে অর্থমন্ত্রণালয়ও অনাপত্তি জানিয়েছিলো। এ অবস্থায় অর্থমন্ত্রীর হঠাৎ করে তামাক কোম্পানির পক্ষে অবস্থান গ্রহণ অত্যন্ত হতাশাজনক।”
২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুযায়ী তামাকজাত পণ্যে চারটি মূল্য ধাপে সম্পূরক শুল্ক দিতে হবে যথাক্রমে ৩৯, ৫৬, ৫৯ ও ৬১ শতাংশ হারে। এর আগে যার হার ছিল যথাক্রমে ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ শতাংশ।
বাজেটের আগে তামাকবিরোধী সংগঠনগুলোর পাশপাশি অর্থনীতিবিদরাও মূল্যধাপ উঠিয়ে সব রকম তামাকজাত পণ্যেও ওপর ৭০ শতাংশ করারোপের দাবি করেছিলেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রজ্ঞার চেয়ারম্যান সাঈদ বদরুল করিম, সূচি সৈয়দ, মো. নাদিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৪৪২ ঘ.
bdnews24