মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টির মধ্যে যখন পাহাড় ধসে পড়তে শুরু করে, তখন ঘর থেকে বের হয়ে এসেছিলেন হুসনা বানু। কিন্তু দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে উর্মিকে বাঁচাতে ঘরে ঢুকে তিনি আর ফিরতে পারেননি।
মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের খুলশী থানাধীন আকবর শাহ মাজার সংলগ্ন কবরস্থান পাহাড়ের পাদদেশে মাটিচাপা পড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার ব্রিগেডের কর্মীরা। উদ্ধার করা হয় হুসনার দূর সম্পর্কের আত্মীয় শানু (১৬) ও উর্মির (৩) লাশও।
হুসনার মেয়ে শাবনাজ আক্তার (১২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা বৃষ্টির কারণে কয়েকদিন ধরে তারা বাসা থেকেই বের হতে পারছিলেন না। মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়ের নিচে ঘরে বসে বাবা আসগর আলী আর মা হুসনার সঙ্গে বসে গল্প করছিল সে। দূর সম্পর্কের বোন শানুও এ সময় ঘরে ছিল।
পাহাড়ের এক পাশের মাঠির স্তর বৃষ্টিতে নরম হয়ে হঠাৎ ধসে পড়তে শুরু করে এ সময়। অল্প সময়ের মধ্যে সেই মাটির স্তূপের নিচে চাপা পড়ে ২০/২৫টি ঘর, যার বাসিন্দাদের অধিকাংশই পোশাক শ্রমিক, রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষ।
স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্রছায় ইয়াসিন আলী নামের এক ব্যক্তি পাহাড়ের পাদদেশে বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি এসব ঘরের ভাড়া দিয়ে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী শাবনাজ বলে, ধস শুরুর পরপরই তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় উঠে আসেন হুসনা বানু। কিন্তু তার বাবা আসগর আলী ও শানু তখনও ভেতরে।
পাশেই উর্মিদের ঘরও মাটি চাপা পড়ে। উর্মির বাবা বেরোতে পারলেও উর্মি আর বেরোতে পারেনি।
বাষ্পরুদ্ধ কণ্ঠে শাবনাজ বলে, “মা উর্মি আর শানুকে আনতে গেল। কিন্তু আর বের হতে পারল না।”
রাত দেড়টার দিকে মাটি সরিয়ে হুসনার স্বামী আসগরকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার ব্রিগেড কর্মীরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাবনাজ জানায়, মঙ্গলবার দুপুরে কবরস্থান পাহাড়ের নিচে তাদের ঘরগুলো ঘেঁষে থাকা একটি নিম গাছ উপড়ে পড়লেও তখন কেউ গুরুত্ব দেয়নি।
“তখন বুঝতে পারলে আমার মাকে হারাতো না”, আফসোস শাবনাজের।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ের পাদদেশগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছিল।
“কিন্তু এসব ঘরের বাসিন্দারা সরে যাননি। এ কারণেই এ হতাহতের ঘটনা ঘটলো।”
টানা বৃষ্টির কারণে গত দুই দিনে চট্টগ্রামের চারটি স্থানে পাহাড় ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসে, ঘরের দেওয়াল ভেঙে এবং বজ্রপাতে চট্টগ্রাম বিভাগে ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচপি/জেকে/১৪১৫ ঘ.
bdnews24