বান্দরবান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের লামায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। নাইক্ষ্যংছড়িতে মাটির ঘর ধসে নিহত হয়েছে ছয় জন।
কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানীহাট সড়কের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বান্দরবান, রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম এবং নাইক্ষ্যংছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লামা উপজেলার ফাইতং এলাকার একটি পাহাড় ধসে মঙ্গলবার রাতে ৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো দুইজন।
এছাড়া আরো তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি জেলা প্রশাসক।
তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে লামার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা পরিষদ ও বাজার এলাকায় পানি জমে গেছে। বিদ্যুৎ না থাকায় টেলিযোগাযোগও ব্যাহত হচ্ছে।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মাটির ঘর ধসে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এস এম আজাদ জানান, প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে যাওয়ায় রাতে কোনো এক সময় ঘরটি ভেঙে পড়ে। পরে সেখান থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একটি শিশু থাকার কথা বললেও তাদের পরিচয় জানাতে পারেননি ওসি।
এদিকে পাহাড়ি ঢলের কারণে লামা পৌর এলাকা ও বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নাইক্ষ্যংছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।
লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন বুধবার সকালে বলেন, “লামার পরিস্থিতি অত্যন্ত নাজুক। লামা বাজার ও পৌর এলাকার মানুষ কার্যত পানিবন্দি হয়ে পড়েছে।”
বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এম এন মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের কয়েক হাজার পানিবন্দি মানুষের জন্য জেলা সদরে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে দুই হাজার ৫০০ লোকের জন্য লংগরখানাও খোলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.
bdnews24