২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অদক্ষ আর দুর্নীতিবাজ মন্ত্রীদের আর কতদিন বয়ে বেড়াবেন’

সরকারের ব্যর্থতার জন্য মন্ত্রীদের অদক্ষতা ও দুর্নীতিকে দায়ী করে তাদের বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যর্থতার জন্য মন্ত্রীদের অদক্ষতা ও দুর্নীতিকে দায়ী করে তাদের বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। তিনি মঙ্গলবার সংসদে বলেন, “আমরা জানি, প্রধানমন্ত্রী একজন দয়াবান, কোমল হৃদয়ের মানুষ। কিন্তু তাই বলে উনি দেশের স্বার্থের পরিপন্থী অকর্মা, অদক্ষ ও দুর্নীতিবাজ মন্ত্রীর লাশ কাঁধে নিয়ে বেড়াবেন?” “এক মন্ত্রী তো কালো বিড়াল ধরার কথা দিয়ে নিজেই কালো বিড়ালের খপ্পরে পড়ে আজ জনতার কাঠগড়ায় দাঁড়িয়েছেন,” যোগ করেন আজিম। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রে অনির্বাচিত উপদেষ্টা দিয়ে সরকার পরিচালনার নজির নেই। কিন্তু এ দেশে হচ্ছে। তারা শপথ নেন না। তাদের কোনো জবাবদিহিতা নেই। সরকারের অবস্থা খারাপ হলে এরা পালিয়ে যাবেন। এদের কারো কারো বিদেশি পাসপোর্টও আছে।” অর্থমন্ত্রীর সমালোচনা করে আজিম বলেন, “অর্থমন্ত্রী শেয়ারবাজারকে দুষ্টু আর ফটকা বাজার বলেছেন। প্রশ্ন হল, মুক্তবাজার অর্থনীতিতে আমাদের শেয়ারবাজারের গুরুত্ব কে বোঝাবে? তিনি ইংরেজি সাহিত্যে পড়েছেন। তাই নাটক বিশারদ হতে পারেন। কিন্তু অর্থনীতি বিশারদ নয়।” আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেন নোয়াখালীর এই সংসদ সদস্য বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী পারবেন না। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করুক, নয়তো তাকে অপসারণ করা হোক।” মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে আজিম বলেন, “পাশের দেশ থেকে নোবেল বিজয়ীকে ডেকে এনে সম্মান দেওয়া হয়। অথচ এদেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দেওয়া হয় না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০১৪ ঘ.