মুন্সীগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সাংবাদিক মোক্তার হোসেনকে গুলির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে গুলিবিদ্ধ সাংবাদিকের স্ত্রী আফসানা আফরোজ শিলা বাদী হয়ে লিয়াকত হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন।
থানায় নথিভুক্ত মামলা নম্বর ২৩ (৬) ১২-এ লিয়াকত হোসেনসহ মুখোশধারী অজ্ঞাতনামা আরো ৩-৪ জন গুলি বর্ষণের সময় সঙ্গে ছিল বলে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণেই আসামীরা ক্ষীপ্ত হয়ে এই হামলা চালায়।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত লিয়াকত হোসেনসহ আসামীদের মধ্যে অনেকেই সিরাজদিখান থানায় পুলিশ নির্যাতনের মামলার আসামী। মোক্তার হোসেন এই মামলার সাক্ষী ছিলেন।
এছাড়া তারা এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। আসামীদের গ্রেপ্তারের সব ধরনের চেষ্টা চলছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, কয়েক মাস আগে এক পলাতক আসামী গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনায় করা মামলায় মোক্তার হোসেন সাক্ষী ছিলেন।
রোববার রাতে সিরাজদিখান উপজেলার গোয়ালখালী ব্রিজ মোড়ে মোক্তার হোসেনকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। বুক, পেট, কাঁধ ও উরুতে জখম নিয়ে তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২২২৪ ঘ.
bdnews24