২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় লোককবি চন্দ্রকুমার দে স্মরণে আলোচনা

‘মৈমনসিংহ গীতিকা’র অন্যতম সংগ্রাহক ও লোককবি চন্দ্রকুমার দে স্মরণে নেত্রকোনায় মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নেত্রকোনা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মৈমনসিংহ গীতিকা’র অন্যতম সংগ্রাহক ও লোককবি চন্দ্রকুমার দে স্মরণে নেত্রকোনায় মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে ঃ জীবন ও সাহিত্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের লোকগাঁথা সংগ্রাহক চন্দ্রকুমার দে ১৮৮৯ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ থেকে প্রকাশিত ‘সৌরভ’ পত্রিকায় তার প্রথম পালা উপাখ্যান ‘মহুয়া সুন্দরী’ প্রকাশিত হয়। ড. দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’য় মহুয়া, দিওয়ানা মদিনা, কবিকঙ্ক, নীলাবতী, সুরত জামাল, অধুয়া সুন্দরী, দেওয়ান ভাবনা ডাক, কেনারাম ও কাজল রেখা উপাখ্যানগুলো চন্দ্রকুমার দে সংগৃহীত। চন্দ্রকুমার দে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কিশোরগঞ্জের চন্দ্রাবতী, দ্বিতীয় মহিলা কবি নেত্রকোনার বাংলা গ্রামের সুলাগাইনকে আবিষ্কার করেন। বাংলা একাডেমী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক যতীন সরকার, সাহিত্যিক গোলাম এরশাদুর রহমান, বাংলা একাডেমীর পত্রিকা বিভাগের পরিচালক আব্দুল হাই, প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবির ভাতিজা সন্তোষ সরকার। চন্দ্রকুমার দে’র লেখা থেকে পাঠ করেন ড. শাহদাত হোসেন নিপু। বাংলা একাডেমী থেকে প্রকাশিত ‘চন্দ্রকুমার দে’ গ্রন্থের লেখক যতীন সরকার বলেন, ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রাহক কবি চন্দ্রকুমার দে বাংলা সাহিত্যের ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করেছেন। পূর্ববঙ্গের সাধারণ মানুষের সাহিত্যে ভাণ্ডারকে তুলে ধরে তিনি বিশ্ব লোকসাহিত্যকেও সমৃদ্ধ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৪ ঘ.