সিলেট, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মুখে সিলেট নার্সিং ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মাসে সাতদিনের পরিবর্তে তিনদিন নৈশকালীন দায়িত্ব দেওয়ার দাবিতে রোববার থেকে আন্দোলন করে আসছিল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সিলেট নার্সিং ইনস্টিটিউটের হোস্টেল সুপার আকলিমা বেগম জানান, ‘অসন্তোষের’ মুখে মঙ্গলবার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, “কর্ম তালিকা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ আছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনা রয়েছে।”
সিলেট নার্সিং ইনস্টিটিউট ওসমানী মেডিকেল কলেজের অধীন একটি প্রতিষ্ঠান।
নৈশকালীন দায়িত্ব বণ্টনের ব্যাপারে প্রতিষ্ঠানের সাড়া না পেয়ে মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে সকাল সাড়ে ১১টার দিকে আধাঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলছেন, দেশের অন্যান্য মেডিকেল কলেজে বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের জন্য মাসে তিন দিন নাইট ডিউটি রাখা হলেও সিলেটে সাত দিন করা হয়েছে। এ অবস্থায় নৈশকালীন দায়িত্ব পালন শেষে ক্লাস করা তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ করলে ইনস্টিটিউট কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কথা বলার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১১০ ঘ.
bdnews24