২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসির ওপর হামলা: পল্লী বিদ্যুতের ৩ কর্মকর্তা বরখাস্ত

কুড়িগ্রামে জেলা প্রশাসকের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লালমনিরহাট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মহাব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

কুড়িগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে জেলা প্রশাসকের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লালমনিরহাট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মহাব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল হক ও উলিপুর জোনের অতিরিক্ত মহাব্যবস্থাপক তোজাম্মেল হোসেন। তাদের রাজশাহী জোনের অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ১৬ জুন উলিপুরের পাঁচপীরে ট্রান্সফরমার চুরির প্রতিবাদে বিক্ষোভরত জনতা কুড়িগ্রামের জেলা প্রশাসকের ওপর হামলা চালায়। ঘটনার পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তিন কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রোববার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন তিন কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেন। এখন মহাব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন নাগেশ্বরী জোনাল অফিসের অতিরিক্ত মহাব্যবস্থাপক হারুন অর রশীদ। হারুন অর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি দায়িত্ব নিয়েছেন। তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের কথাও নিশ্চিত করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৫৬ ঘ.