২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে নিহত ৩

নরসিংদী সদর উপজেলায় একটি ক্যালেন্ডারিং মিলের বয়লার বিস্ফোরণে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নরসিংদী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় একটি ক্যালেন্ডারিং মিলের বয়লার বিস্ফোরণে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহে প্রতাবে মেসার্স মকবুল হোসেন ভূঁইয়া ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিশিং মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই কারখানার শ্রমিক আল-আমিন (২৫), মাদ্রাসা ছাত্র আবুল হাশিম (১২) ও মিল সংলগ্ন বাড়ির বাসিন্দা বেগম (৪৫)। আহত জেসমিন বেগম (২২), ইছা মনি (৪), এনামুল হক (৩), সাব্বির (৩) ও আ. রাজ্জাককে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, উৎপাদিত কাপড় ‘ফিনিশিংয়ের’ জন্য সকালে ভূঁইয়া ক্যালেন্ডারিং মিলের বয়লার চালু করার পরপরই সেটি বিস্ফোরিত হয়। এতে কারখানার দেওয়াল ভেঙে পাশের বসতঘর ও রাস্তায় গিয়ে পড়ে। এতে এক শ্রমিকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। মাদ্রাসাছাত্র আবুল হাশিম ওই সময় কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। আর গৃহবধূ বেগম ছিলেন নিজের বাড়িতে। বিস্ফোরণে ফলে দেওয়াল ভেঙে ঘর ও রাস্তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ, র‌্যাব ও দমকলকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আ. রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলার সিনিয়র কেমিস্ট মো. আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় মিলটি চলছিল। জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম ঘটনাস্থল পরিদর্শনকালে নিহতদের প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। এদিকে ঘটনা তদন্তে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী আহসানকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। ওসি জানান, ঘটনার পরপরই ওই কারখানার মালিক আব্দুস ছাত্তার ভূঁইয়া ও ব্যবস্থাপক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০৩২ ঘ.