চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের নগরীর তিনটি এলাকায় পাহাড় ও দেওয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে সামান্য অহত হন দুই ব্যক্তি।
মঙ্গলবার সকালে নগরীর সুগন্ধা একুশে হাসপাতাল সংলগ্ন একটি পাহাড় এবং দুপুরে লালখান বাজার বাগঘোনা পোড়া কলোনি এলাকায় অপর একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে।
এছাড়া ও আর নিজাম রোড এলাকায় একটি আবাসিক ভবনের সীমানা দেওয়াল ভেঙ্গে পড়ে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তৌফিকুল ইসলাম ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী পাহাড়ের একাংশ ধসে পড়ে সুগন্ধা আবাসিক এলাকার ১/বি রোড়ের ১০০ নম্বর বাড়ির গ্যারেজের ওপর ।
এতে দুই ব্যক্তি সামান্য আহত হন এবং একটি প্রাইভেট কার মাটিচাপা পড়ে বলে জানান তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি উদ্ধার করে।
এদিকে নগরীর জিইসি মোড় সংলগ্ন ও আর নিজাম রোডের ৫৯ নম্বর বাড়ির সীমানা দেওয়াল ধসে পড়ে দুপুরে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে নগরীর লালখান বাজার বাগঘোনা পোড়া কলোনিতে একটি পাহাড়ের একাংশ পাঁচটি বসতঘরের ওপর ধসে পড়লেও কেউ হতাহত হয়নি। এসময় ওই বসতঘরগুলোতে কেউ ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24