২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অধিকাংশ এলাকা

টানা ছয়দিনের বর্ষণে চট্টগ্রাম মহানগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর দুই-তৃতীয়াংশ এলাকায় হাঁটু থেকে গলা পানি জমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ছয়দিনের বর্ষণে চট্টগ্রাম মহানগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর দুই-তৃতীয়াংশ এলাকায় হাঁটু থেকে গলা পানি জমেছে। মঙ্গলবার ভোরেও মহানগরীতে ভারি বর্ষণ শুরু হয়। তা চলে একটানা সন্ধ্যা পর্যন্ত। সকালেই নগরীর অধিকাংশ নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। প্লাবিত হয় নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ফলে সকালে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং বিকাল ও সন্ধ্যায় অফিস ফেরত লোকজন চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন সড়কে রিক্সা চললেও ভাড়া ছিল আকাশচুম্বী। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৪২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা হারুনুর রশিদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।” এর আগে গত রোববার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ২৪ ঘন্টায় আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে বলা হয়। ভারী বর্ষণ ও ভূমিধসের সতর্কবার্তাও জারি রয়েছে। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীতে ভারি বৃষ্টি হচ্ছিল। সকাল থেকেই টানা প্রবল বর্ষণে নগরীর প্রধান সড়ক, গলি, উপগলি পানিতে তলিয়ে যায়। বাসা বাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষেও পানি ঢুকে পড়ে। কয়েকদিনের টানা বর্ষণে নগরীর ষোলশহর দুই নম্বর গেট, বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক মোড়, মুরাদপুর, চান্দগাঁও, খতিবের হাট, বাকলিয়া, চাক্তাই, আছাদগঞ্জ, মোগলটুলি, আগ্রাবাদ, ট্রাঙ্ক রোড, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, আগ্রাবাদ এক্সেস রোড, বাকলিয়া ডিসি রোড, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব নিচুঁ এলাকা ছাড়াও নগরীর পাহাড়ি এলাকা বলে পরিচিত জামালখান, আন্দরকিল্লা, আসকারদিঘির পাড় এলাকার বিভিন্ন ভবনের নিচ তলায়ও পানি উঠেছে। এদিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) বিভিন্ন কারখানার নিচ তলায় পানি ঢুকেছে। ফলে এসব কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মঙ্গলবার বিকালে নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কারখানার কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়। অপরদিকে, চট্টগ্রামের বৃহৎ পাইকারী ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানিগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও প্লাবিত হয়েছে। এতে ব্যাহত হয় তাদের ব্যবসায়িক কার্যক্রম। ষোলশহর এলাকার বাসিন্দা আহমদ হোসেন জানান, ষোলশহর এলাকা থেকে নগরীর এনায়েত বাজার এলাকায় অন্যান্য দিন ৩০-৩৫ টাকা দিয়ে গেলেও মঙ্গলবার সকালে একশ টাকায়ও যেতে রাজি হয়নি রিক্সাওয়ালা। চকবাজার এলাকার একটি কলোনিতে গিয়ে দেখা যায়, প্রতিটি বাসায় হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন বাসিন্দারা। নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা সৈয়দ নাজমুল হাবীব জানান, অতি বর্ষণে চান্দাগাঁও আবাসিক এলাকার অধিকাংশ এলাকা কোমড় থেকে হাঁটু পানিতে তলিয়ে গেছে। চরম ভোগান্তির মাঝে সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যান তিনি। মৌসুমি বায়ুর প্রভাবে গত ছয়দিন ধরে নগরীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। রোববার টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিকে জলাবদ্ধতার জন্য দায়ী করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অস্বাভাবিক বৃষ্টির কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিও ছিল। নগরীর বিভিন্ন খাল ও নর্দমা পরিষ্কার রাখতে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে নগরীর নিঁচু এলাকা প্লাবিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ৩ নম্বর সতর্ক সংকেত পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এজন্য উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঝুকিপূর্ণ এলাকায় মাইকিং নগরীর বিশ্বকলোনি ও বাটালি হিল এলাকায় দুটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী অর্ধশতাধিক পরিবারকে উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কৈবল্যধাম বিশ্বকলোনি এলাকার টাংকির পাহাড় এবং টাইগার পাস এলাকার বাটালি পাহাড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় দুটি পাহাড়ে অবৈধভাবে তৈরি করা ঝুঁকিপূর্ণ ২০টি ঘরও ভেঙ্গে দেয়া হয়। অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোহাম্মদ ভুইয়া বলেন, দুটি পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী অর্ধশতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করা অন্যান্য পরিবারগুলোকেও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। দুটি পাহাড় থেকে ২০টির মতো অবৈধ বসতঘর ভেঙে দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত প্রশাসক ও শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইসমাইল হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২০৪১ ঘ.