২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে নিহত ৩

নরসিংদী সদর উপজেলায় একটি ক্যালেন্ডারিং মিলের বয়লার বিস্ফোরণে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নরসিংদী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় একটি ক্যালেন্ডারিং মিলের বয়লার বিস্ফোরণে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহে প্রতাবে মের্সাস মকবুল হোসেন ভূঁইয়া ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিশিং মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই কারখানার শ্রমিক আল-আমিন (২৫), মাদ্রাসা ছাত্র আবুল হাশিম (১২) ও মিল সংলগ্ন বাড়ির বাসিন্দা বেগম (৪৫)। আহত জেসমিন বেগম (২২), ইছা মনি (৪), এনামুল হক (৩), সাব্বির (৩) ও আ. রাজ্জাককে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, উৎপাদিত কাপড় ‘ফিনিশিংয়ের’ জন্য সকালে ভূঁইয়া ক্যালেন্ডারিং মিলের বয়লার চালু করার পরপরই সেটি বিস্ফোরিত হয়। এতে কারখানার দেওয়াল ভেঙে পাশের বসতঘর ও রাস্তায় গিয়ে পড়ে। এতে এক শ্রমিকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। মাদ্রাসা ছাত্র আবুল হাশিম ওই সময় কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। আর গৃহবধূ বেগম ছিলেন নিজের বাড়িতে। বিস্ফোরণে ফলে দেওয়াল ভেঙে ঘর ও রাস্তার ওপর পড়লে তারা নিহত হন। দুর্ঘটনার পরপরই পুলিশ, র‌্যাব ও ফায়ার ব্রিগেডের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আ. রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা। ওসি জানান, ঘটনার পরপরই ওই কারখানার মালিক আব্দুস ছাত্তার ভূঁইয়া ও ব্যবস্থাপক পালিয়ে গেছেন। তাদের খোঁজা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০১ ঘ.