২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর রঙের আমে ক্ষতিকর সেভেন পাউডার

মুকুল হওয়ার পর থেকে ক্রেতার হাতে আসার নানা পর্যায়ে আমে দেওয়া হয় বিভিন্ন রাসায়নিক। এসব রাসায়নিকের প্রভাবে সুস্বাদু এ ফলটি দেখতে সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুকুল হওয়ার পর থেকে ক্রেতার হাতে আসার নানা পর্যায়ে আমে দেওয়া হয় বিভিন্ন রাসায়নিক। এসব রাসায়নিকের প্রভাবে সুস্বাদু এ ফলটি দেখতে সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর। রোববার বিকালে রাজশাহী ক্যাডেট কলেজ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় আমে রাসায়নিক দেওয়ার কারণ ও প্রক্রিয়া সম্পর্কে বলেন আম চাষী ও ব্যবসায়ীরা। আম বড় হওয়ার বিভিন্ন পর্যায়ে রাসায়নিক ব্যবহার করা হয় বলে জানান চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুরের আমচাষী শ্রী সুভাস কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মুকুল থাকা অবস্থায়ই আমে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হয়। আম বড় হলে সুন্দর রঙের জন্য ব্যবহার করা হয় সেভেন পাউডার। আর গাছে থাকতেই আম পরিষ্কার করতে দেওয়া হয় নয়ন পাউডার। এই সেভেন ও নয়ন পাউডার মূলত ক্ষতিকর রাসায়নিক বলে জানান তিনি। রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বরের আম ব্যবসায়ী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালভোগ পাকে জৈষ্ঠ্য মাসে, হিমসাগর পাকে জৈষ্ঠ্য মাসের শেষদিকে এবং ফজলি আম পাকে আষাঢ়ের মাঝামাঝির দিকে। আর আম রুপালী পাকে আষাঢ়ের শেষদিকে। আম পাকার মৌসুম শুরু হওয়ার আগেই পাকা আম বাজারে আনলে বেশি দামে বিক্রি করা যায় এবং ক্রেতারা দাগহীন সুন্দর আম পছন্দ করেন বলেই আমে রাসায়নিক দেওয়া হয় বলে জানান তিনি। ব্যবসায়ী শহিদুল বলেন, এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গাছপাকা আম পরিবহনের সময় তা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে তা সংরক্ষণে রাসায়নিক ব্যবহার করা হয়। ব্যবসায়ীরা আম পাকাতে ব্যবহার করেন ক্যালসিয়াম কার্বাইড। একাধিক আম ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ৫০ কেজি আম পাকাতে একশ’ গ্রাম ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। জলীয় বাষ্পের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড তাপ ও এসিটিলিন গ্যাস উৎপাদন করায় আম পাকে। বানেশ্বরের ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, “৫০ কেজি আম এক জায়গায় রেখে তার ভিতর কাগজে পুরে একশ’ গ্রাম ক্যালসিয়াম কার্বাইড দিলেই সব আম পেকে যায়।” নির্দিষ্ট মাত্রার এসিটিলিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আমে যতটুকুই ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হোক না কেন, রাসায়নিক কোনো পদার্থ দিয়ে আম পাকালে তা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর।” রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রির জন্য অন্তত ৩/৪ দিন সময় পাওয়ার আশায় অসাধু ব্যবসায়ীরা আম পাকানোর সঙ্গে সঙ্গে তাতে ফরমালিনও দেন, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।” তিনি জানান, রাজশাহীতে প্রায় আট হাজার পাঁচশ’ হেক্টর ও চাঁপাইনবাবগঞ্জের প্রায় ২১ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়। দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ আম এই দুই জেলা থেকেই পূরণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএইচপি/এএইচ/এইচএ/২২৫১ ঘ.