২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজ নভেম্বরের মধ্যে শুরুর দাবি

বিশ্ব ব্যাংকের সঙ্গে ‘ফয়সালা’ করে নভেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের সঙ্গে ‘ফয়সালা’ করে নভেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “নভেম্বরের মধ্যে যেন পদ্মা সেতুর শুরু করতে পারি সে ব্যবস্থা নিতে হবে। অন্য কিছু শুনতে চাই না। এটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল।” জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন শেখ ফজলুল করিম সেলিম। আওয়ামী লীগের এই নীতিনির্ধারক বলেন, “অর্থমন্ত্রী বলেছেন-জুলাই মাসের ভেতর বিশ্ব ব্যাংকের সঙ্গে ফয়সালা করে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবেন। ভালো কথা, জুলাই মাস সামনে। আপনি ফয়সালা করেন।” বিরোধীদলীয় নেতার বাজেট ভাবনার সমালোচনা করে শেখ সেলিম বলেন, “বিরোধী নেত্রী খালেদা জিয়া হোটেলে বসে বাজেট ভাবনা দিয়েছেন। সম্পূরক বাজেট আছে। কিন্তু ভাবনা বাজেট বলে কোনো বাজেট নেই। সংসদে ছাড়া আর কোথাও বাজেট দেওয়া যায় না। উনি সংসদ মানেন না।” খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি লাফাবেন না। সমস্যা আছে। পা ভেঙে যেতে পারে।” এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ‘লাশ’ আখ্যায়িত করে তা পুনর্বহালে সংবিধানে কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন শেখ সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২৩০ ঘ.