২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের কমিউনিস্ট পার্টির ফুজিয়ান প্রাদেশিক কমিটির উপ মহাসচিব চেন ওয়েনকিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের কমিউনিস্ট পার্টির ফুজিয়ান প্রাদেশিক কমিটির উপ মহাসচিব চেন ওয়েনকিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। সন্ধ্যায় প্রতিনিধিদলটি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। পরে, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লালদেব জানান, সাক্ষাতকালে শেখ হাসিনা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশের বিনিয়োগ-বান্ধব পরিবেশ, সস্তা শ্রম এবং উদার বিনিয়োগ নীতির কথা উল্লেখ করেন বলেন, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন। দেশের অবকাঠামো এবং জ্বালানি খাতে চীনা বিনিয়োগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বিনিয়োগ বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে। চীনের অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী হিসাবে দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশও লাভবান হচ্ছে। চেন ওয়েনকিং বলেন, ফুজিয়ান প্রদেশও বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। সাক্ষাতকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২২৪ ঘ.