নারায়ণগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী নতুন কর আরোপ না করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে ২০১২-১৩ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৩১৫ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকা আয়ের বিপরীতে ৩০৩ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
মেয়র আইভী বলেন, গত ৬ মাসে আহ্বান করা ৬০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের দরপত্রসহ আরো ২৮৮টি প্রকল্প বাস্তবায়নের জন্য এ বছরের বাজেট তৈরি করা হয়েছে।
“এই বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি,” যোগ করেন তিনি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল্লাহ নুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা খাতে ৬ কোটি, স্বাস্থ্য খাতে ৩৫ কোটি, সিদ্ধিরগঞ্জে কমিউনিটি সেন্টার নির্মাণে ৭৮ লাখ ও নগর ভবন নির্মাণে ১০ কোটি টাকার মতো বরাদ্দ এ বাজেটে রয়েছে।
এ বছরই নগর ভবন ও সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক ভবন নির্মাণের কাজ শুরু হবে।
কদমরসুল এলাকায় একশ’ ফুট রাস্তা, সোনাকান্দা হাট এলাকায় ইকো পার্ক ও শহরের ৫নং ঘাট থেকে ইস্পাহানি ঘাট পর্যন্ত শীতলক্ষা সেতু নির্মাণে বাজেটে কোনো বরাদ্দ না থাকলেও বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
মেয়র আইভী নির্বাচনী ইশতেহারে ২২ দফা প্রতিশ্র“তি দেন। প্রতিশ্র“তি অনুযায়ী নগরবাসীর স্বাস্থ্য সেবা বাড়াতে একটি মাতৃসদন ও তিনটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৯১৫ ঘ.
bdnews24