২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাচ্ছেন অশোক তারা

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল অশোক তারাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল অশোক তারাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনীর আত্মসমর্পণের পরও তাদের কিছু সদস্য বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরদিন ১৭ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর তৎকালীন মেজর অশোক তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের ওই বাড়ি থেকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের উদ্ধার করেন। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্নেল এখন উত্তর প্রদেশে সস্ত্রীক বাস করছেন। অশোক তারার সঙ্গে যোগাযোগ করে একটি সুবিধাজনক সময়ে তার হাতে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা পদক’ তুলে দেওয়া হবে বলে জানান মোশাররফ হোসেন ভূইয়া। ’৭১-এ ভারতীয় সেনাবাহিনীর ১৪ গার্ড রেজিমেন্টের এ কোম্পানির অধিনায়ক অশোক তারা ধলাই, গঙ্গাসাগর, ব্রাক্ষ্মণবাড়িয়া ও ভৈরবে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৯৪ সালে তিনি অবসরে যান। মন্ত্রিসভার বৈঠকে এর বাইরে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ‘বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডআইন-২০১২’-এ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১১ সালের ২৬ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনের ফলে দুর্যোগ ব্যবস্থাপনা একটি আইনি ভিত্তি পাওয়ার পাশাপাশি এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নতুন অধিদপ্তরের সঙ্গে একীভূত হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এএল/১৮৫৩ ঘ.