২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অজ্ঞাত রোগে ১৩ শিশুর মৃত্যু

দিনাজপুরে অজ্ঞাত রোগে ২২ দিনে ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

দিনাজপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে অজ্ঞাত রোগে ২২ দিনে ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দিনাজপুরের সিভিল সার্জন মউদুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ জুন থেকে ২২ জুন পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে অজ্ঞাত রোগে আক্রান্ত ১৫টি শিশুকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ২জন সুস্থ হলেও ১৩টি শিশুর মৃত্যু হয়। রোগ নির্ণয়ের জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর) এর একটি বিশেষজ্ঞ দল আক্রান্ত শিশুদের দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে। সিভিল সার্জন আরো বলেন, হাসপাতালের চিকিৎসকরা রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে গত ১৭ জুন আইইডিসিআরের পরিচালককে বিষয়টি লিখিতভাবে জানায়। ১৮ জুন আইইডিসিআরের একটি বিশেষজ্ঞ দল রোগ নির্ণয়ে দিনাজপুর এসে আক্রান্ত শিশুদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে তারা আজ (সোমবার) পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়নি বলে জানান সিভিল সার্জন মউদুদ হোসেন। আইইডিসিআরের পরিচালক প্রফেসর মাহমুদুর রহমান দিনাজপুর থেকে আক্রান্ত শিশুদের দেহ থেকে নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত এই রোগের কারণ ও রোগটি নির্ণয়ে সংগৃহীত নমুনা বিদেশে পাঠানো হচ্ছে। তিনি আরো বলেন, রোগের লক্ষণ ও পারিপার্শ্বিক অবস্থাসহ নানা দিক বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে, লিচুতে বিষাক্ত রাসায়নিক স্প্রে করার সময় এসব শিশু কোনাভাবে সরাসরি এর সংস্পর্শে আসায় তারা বিষক্রিযায় আক্রান্ত হয়েছে। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ওয়ারেস আলী সরকার জানান, আক্রান্ত শিশুরা হালকা খিচুনি, জ্বর ও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরই মারা যায়। একজন ছাড়া এদের সবার বয়স ২ থেকে ৬ বছরের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮১৩ ঘ.