ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগরের টেলিফোন ভবনে অগ্নিকাণ্ডের পর তিন হাজার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোর ৫টার দিকে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের এমডিএফ কক্ষে আগুন লাগে। নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রায় ৮০ হাজার টেলিফোনের সংযোগ বন্ধ হয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর টেলিফোনগুলো সচল করার কাজ শুরু হয়।
তবে আগুনে এমডিএফ কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় তিন হাজার টেলিফোন সংযোগ দেওয়া যায়নি বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বুধবারের মধ্যে এই টেলিফোন সংযোগগুলো পুনরায় চালু করার আশা প্রকাশ করেছে বিটিসিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি করে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/১৭৪০ ঘ.
bdnews24