আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকারির (বাল্ক) পর এবার খুচরা বিদ্যুতের দাম দাম ৫৭ শতাংশ বাড়াতে নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এর আগে গত ৬ জুন পাইকারি (বাল্ক) দাম গড়ে ৫০ শতাংশ বাড়াতে প্রস্তাব দেওয়া হয়।
ওই প্রস্তাবের সময় বিদ্যুতের খুচরা দাম ৩০ শতাংশ বাড়ানোর প্রয়োজন হতে পারে উল্লেখ করা হলেও ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হল।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ পিডিবির প্রস্তাব পাওয়ার কথা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
এছাড়া অন্য চারটি বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গড়ে ৫৫ শতাংশের বেশি দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
সেলিম বলেন, “প্রস্তাবের ওপর উম্মুক্ত সভা ও গণশুনানি শেষে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।”
পিডিবির প্রস্তাবে আবাসিক গ্রাহকদের মূল্যহার (ট্যারিফ) কাঠামোর একটি ধাপ পরিবর্তন করে ন্যূনতম বিলের (লাইফ লাইন) জন্য ১০০ ইউনিটের স্থলে ৬০ ইউনিট করার কথা বলা হয়েছে।
গত ০৯ এপ্রিল আর্থিক ক্ষতি কমিয়ে আনার জন্য আবাসিক খুচরা ট্যারিফ (লাইফ লাইন ট্যারিফ) ১০০ ইউনিটের পরিবর্তে ৬০ ইউনিট পর্যন্ত করার জন্য বিইআরসির কাছে প্রস্তাব দেয় পিডিবি।
ওই প্রস্তাবের ওপর সম্ú্রতি একটি কারিগরি উম্মুক্ত সভা হলেও এখনো সিদ্ধান্ত দেয়নি বিইআরসি।
পিডিবির প্রস্তাবে ১ জুলাই থেকে নতুন দাম কার্যকরের কথা বলা হয়েছে।
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম যথাক্রমে প্রতি ইউনিটে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা বাড়ানো হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হয়। এ নিয়ে চলতি বছরেই দুই দফায় পাইকারি ও খুচরা দাম বাড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬৫০ ঘ.
bdnews24