ভোলা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জোয়ার ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে ভোলার ২২টি গ্রাম বন্যা কবলিত হয়েছে।
গত দুই দিনে অতিরিক্ত জোয়ারের পানিতে ভোলা সদরের ১১টি ও চরফ্যাশনের ৯টি গ্রাম প্লাবিত হয়েছে।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে তজুমদ্দিনের কোড়ালিয়া এবং মনপুরার ঈশ্বরগঞ্জ ও সীতাকুণ্ডে বন্যা দেখা দিয়েছে। এসব গ্রামের ফসলী জমি ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
ভোলা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তজুমদ্দিন ও মনপুরার দুটি পয়েন্টে বাঁধ ভেঙে গ্রামে জোয়ারের পানি ঢুকেছে।
বাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
ভোলার জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে অতিরিক্ত জোয়ারে ভোলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০১ ঘ.
bdnews24