২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বান্দরবান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার রাত থেকে বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটেও যান চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে জেলা শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেকে আশ্রয় কেন্দ্রেও উঠেছে। বান্দরবান মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া ও কর্নেল অলি আহমদ কলেজ এলাকার রাস্তা ৪ থেকে ৬ ফুট পানিতে তলিয়ে গেছে। এর ফলে রোববার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার বান্দরবানে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্তই ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আল ফারুক ইনস্টিটিউটের শিক্ষক আবদুল মালেক জানান, ভারী বর্ষণে স্কুল মাঠ ও স্কুলের নিচতলা সোমবার সকালে পানিতে তলিয়ে গেছে। আশেপাশের এলাকায় পানি উঠে যাওয়ায় অনেক মানুষ স্কুলে আশ্রয় নেয়ায় পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি ও নিম্নাঞ্চলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য বান্দরবান পৌরসভার পক্ষ থেকে গত দুই দিন ধরে মাইকিং করা হচ্ছে। বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এন মোর্শেদ জানান, সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাফেজঘোনা বন্যা আশ্রয় কেন্দ্র, বাস স্টেশন, ওয়ার্ল্ডভিশন স্কুল ও আশ্রয় কেন্দ্র ও উপজেলা কমপ্লেক্স এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। লোকজন সেখানে আশ্রয় নিতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা ও বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৫৫৮ ঘ.