চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে বাসিন্দাদের সরানো শুরু করেছে জেলা প্রশাসন।
দুইদিন প্রবল বর্ষণের পর রোববার বন্দরনগরীর লালখান বাজার মতিঝর্ণা ও কৈবলধাম সংলগ্ন বিশ্বকলোনি এলাকা থেকে ৬০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইসমাইল হোসেন বলেন, বর্ষা শুরু হওয়া পর থেকেই ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপনকারীদের সরে যেতে বলা হয়। যারা সরে যায়নি তাদের সরানো শুরু হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এফ কবীর আহমদ মানিক জানান, সিটি কর্পোরেশন ও পুলিশের সহায়তা নিয়ে জেলা প্রশাসন লালখান বাজারের মতিঝর্ণা, বাটালি হিল, পুলিশ লাইন ও কুসুমবাগ এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৬০টি পরিবারকে সরিয়ে দিয়েছে।
যাদের সরানো হয়েছে তারা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসনের তথ্যে জানা যায়, নগরীর বিভিন্ন স্থানে ১৪টি পাহাড়ের পাদদেশে প্রায় ৮০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।
২০০৭ সাল থেকে গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে পাহাড় ধসে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০০৭ সালের ১১ জুন পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২৩৫ ঘ.
bdnews24