২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের বৈঠক

নবনিযুক্ত সৌদি ক্রাউন প্রিন্স সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত সৌদি ক্রাউন প্রিন্স সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার সকালেরিয়াদে ক্রাউন প্রিন্সের কার্যালয়ে এই আনুষ্ঠানিক বৈঠক হয় বলে জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। ৪০ মিনিট স্থায়ী বৈঠকে মুসলিম উম্মার কল্যাণ ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিয়াদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, “ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে বিরোধী দলীয় নেতা প্রবাসী বাংলাদেশী নাগরিকদের আকামাসহ (ওয়ার্ক পারমিট) বিভিন্ন সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন। জবাবে ক্রাউন প্রিন্স তা সুবিবেচনা করবেন বলে বিরোধী দলীয় নেতাকে আশ্বস্থ করেছেন।” গত ১৬ জুন সৌদি যুব রাজ ও উপপ্রধানমন্ত্রী নায়েফ বিন আবদুল আজিজ মারা গেলে উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালমান বিন আবদুল আজিজ আল সউদ নতুন ক্রাউন প্রিন্স হন। প্রেস সচিব জানান, নতুন দায়িত্বভার গ্রহণের পর কোনো বিদেশি নেতার সঙ্গে ক্রাউন প্রিন্সের এটি প্রথম সাক্ষাৎ। আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলাম, মুসলিম উম্মার ঐক্য, স্বার্থ ও কল্যাণে ক্রাউন প্রিন্স ও বিরোধী দলীয় নেতা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি দুই দেশের স্বার্থ রক্ষায়ও একযোগে কাজ করার কথাও বলেন। বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা আরও বৃদ্ধির জন্য ক্রাউন প্রিন্সের কাছে অনুরোধ জানিয়েছেন। বিরোধী দলীয় নেতার সঙ্গে তার সফরসঙ্গি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান ও সৌদি আরবে বিরোধী দলীয় নেতার বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। গত ১৫ জুন স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি বাদশাহ’র আমন্ত্রণে সৌদি আরব সফরে যান খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৫০ ঘ.