বান্দরবান, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের কারণে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে যেতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে বান্দরবান পৌর কর্তৃপক্ষ।
রোববার বিকালে মাইকিং করে এ আহ্বান জানানো হয়।
বান্দরবান পৌর মেয়র মো. জাবেদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকার ইসলামপুর, লাংগীপাড়া, হাফেজঘোনা, ক্যাচিংঘাটা, আমতলী ও বাস স্টেশন এলাকায় বিপুল সংখ্যক মানুষ পাহাড়ে ঘর তুলে বসবাস করছে। এদের অধিকাংশই ঝুঁকিপূর্ণ।
প্রবল বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বসতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। কোনো অনাকাঙ্খিত ঘটনায় যেন প্রাণহানী না ঘটে তাই মাইকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানানো হয়েছে, বলেন মেয়র।
২০১১ সালের সদর ও লামা উপজেলায় পাহাড় ধসে অন্তত ১০ জন মারা যায়। এর আগের বছরও একই কারণে জেলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয় শতাধিক।
সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের ইসলামপুর, লাংগীপাড়া, কাশেমপাড়া, স্লুইচগেট, আমতলী, বাস স্টেশন, কালাঘাটা, হাফেজঘোনা, কসাইপড়া, মানুরটেক, আমতলী ও কানাপাড়া এলাকায় কয়েকশ বসত ঘর পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিজ ঘর ছেড়ে তাদের কোথাও যাওয়ার মতো জায়গা নেই। ফলে পৌরসভার সতর্কবার্তাতেও তারা সাড়া দিতে পারছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৭ ঘ.
bdnews24