বাগেরহাট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সভা ডাকায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার উপজেলার পৌর মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেড আমিরুল আলম মিলনের নেতৃত্বাধীন অংশ বর্ধিত সভা আহ্বান করে।
অন্যদিকে এ অংশের প্রতিপক্ষ হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হকের নেতৃত্বাধীন অংশটি একই সময়ে পৌরপার্কে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ আহ্বান করে।
এজন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোরেলগঞ্জ পৌর ভবন ও তার পাশের পার্কে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরসভা ও পৌরপার্ক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪১৯ ঘ.
bdnews24