ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে গুলির ঘটনা তদন্ত করে জড়িত ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তিন সদস্যের এই তদন্ত কমিটির প্রধান সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী রোববার সকালে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।
পরে যোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তদন্ত কমিটির প্রধান ও সচিব।
মো. আলী বলেন, দরপত্র পেতে দুটি ইউনিয়নের আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করেই গত ১২ জুন বিকালে সড়ক ভবনে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।
ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের ওই সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
ওই ঘটনার পর যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের কর্মী এবং কর্মচারী ইউনিয়নের ১০ নেতার নাম উল্লেখ করে দুটি মামলা করেন দুই ঠিকাদার।
এসব মামলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ফজলুর রহমান ফজলু (৫৫) ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন খন্দকার (৪৮) এবং আবুল কালাম আজাদ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্ত কমিটির প্রধান বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে মোট ছয়টি সুপারিশ করেছেন তারা। এর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় দোষী ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা এবং সড়ক বিভাগের ঢাকা জোনকে ই-টেন্ডার পদ্ধতির আওতায় রাখার সুপারিশও রয়েছে।
এছাড়া ঢাকা সড়ক বিভাগকে দুটি জোনে বিভক্ত করা, সরকারি ক্রয় নীতিমালা যথাযথ অনুসরণ, কর্মচারী ইউনিয়নের কাজ নীতিমালার মাধ্যমে সুনির্দিষ্ট করা, জড়িত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে মো. আলী জানান।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ভবনের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
“অপর একটি তদন্ত কমিটি সড়ক ভবনের জড়িত ঠিকাদরদের বিষয়ে তদন্ত করছে, তদন্তে কোনো ঠিকাদার দোষী প্রমাণিত হলে সে যে দলেরই হোক, কালো তালিকাভুক্ত করে তাদের শাস্তি দেওয়া হবে।”
তদন্তে ডিজিএফআই
সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইও সড়ক ভবনের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে উল্লেখ করে মো. আলী বলেন, “তাদের প্রতিবেদনটিও দেখা হচ্ছে।”
তবে ওই প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
২৩ প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ
সড়ক ভবনের ঘটনা জানতে ২৩ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।
মো. আলী বলেন, “ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেই এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।”
তদন্তের ক্ষেত্রে কোনো চাপ ছিল কি না জানতে চাইলে মো. আলী বলেন, “নিরপেক্ষভাবে নির্ভয়ে তদন্ত প্রতিবেদনের কাজ করা হয়েছে, কোনো চাপ ছিল না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫২০ ঘ.
bdnews24