২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সর্বনাশ নয়, সুফল এসেছে’

ভাড়া ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনার জবাবে এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এগুলোর কারণে সর্বনাশ নয়, বরং সুফল এসেছে। আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বলছেন- কেনো করা হলো? সর্বনাশ হয়ে গেলো। সর্বনাশ কোথায় হলো? এর বিনিময়ে কী হচ্ছে- তাও দেখতে হবে।” বিদ্যুৎ উৎপাদন বাড়ায় শিল্পোৎপাদন ও রপ্তানি বেড়েছে, বলেন তিনি। ভাড়া ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে বর্তমান সরকারের শুরু থেকেই বিরোধী ঘরানার রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমেও বিশেষজ্ঞরা সমালোচনা করে আসছেন। প্রধানমন্ত্রী সমালোচকদের ইঙ্গিত করে বলেন, “ওনাদের পরামর্শ অনুযায়ী- এগুলো এক সপ্তাহ বন্ধ করে রাখি; তখন দেখা যাবে কী হয়।” চাহিদা পূরণে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার তেলনির্ভর ২৪টি ভাড়াভিত্তিক ও পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে। একই ধরনের আরো ২৭টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ায় এসব কেন্দ্রের অনেকগুলোই এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে। দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে হাসিনা বলেন, “সংবিধান লংঘন করে বাংলাদেশের মানুষের ক্ষমতা কেউ যেনো কেড়ে নিতে না পারে, আমরা সেই ব্যবস্থা করেছি।” এ সময় তিনি বর্তমান সরকারের সময়ে উপ-নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “অত্যন্ত সুষ্ঠুভাবে এসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর কোনো সরকার বলতে পারবে না- তাদের সময়ে এতো শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।” সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলকে সজাগ থাকতে হবে- বাংলাদেশ যেনো আর সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশ যেনো না হয়।” ‘গার্মেন্টে অস্থিরতার পেছনে উস্কানি’ তৈরি পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো তাদের (শ্রমিক) বেতন বাড়িয়েছি। তারা অন্যের উস্কানিতে নিজের ক্ষতি কেনো করছে? যে ফ্যাক্টরিতে কাজ করে সে ফ্যাক্টরি ভেঙ্গে নিজের ক্ষতি কেনো ডেকে আনছে? ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো দেশে ফিরে যেতে হবে। এতো লোকের কর্মসংস্থান তো হঠাৎ করে করা যাবে না।” আলোচনা সভায় জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “নেত্রী আপনার নেতৃত্বে মহাজোট হয়েছে। মহাজোট রাখার দায়িত্ব আপনার। আমাদের (জাতীয় পার্টি) নেতা-কর্মীদের অনেক প্রত্যাশা আছে।” দক্ষিনাঞ্চলে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে জাতীয় পার্টি মহাসচিব বলেন, “পদ্মা ব্রিজ আপনাকে (প্রধানমন্ত্রী) করতেই হবে। আপনি চাইলে তা পারবেন।” আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু, কথা সাহিত্যিক রাহাত খান এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১১৫ ঘ.