২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘ডিবি’র ধাওয়া’, নদীতে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ডিবি পুলিশের ধাওয়ায়’ নদীতে ঝাঁপিয়ে পড়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

নারায়ণগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ডিবি পুলিশের ধাওয়ায়’ নদীতে ঝাঁপিয়ে পড়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশ ধাওয়া করার বিষয়টি অস্বীকার করেছে। শনিবার দুপুরে বন্দরের নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে জাফর ইকবালের (৩০) লাশ উদ্ধার করে এলাকাবাসী। তিনি ওই এলাকার প্রয়াত জামালউদ্দিনের ছেলে। নিহতের চাচাতো ভাই লাভলু সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের একটি দল নবীগঞ্জে জাফরকে ধাওয়া করলে তিনি দৌড়ে নদীতে ঝাঁপ দেন। দুপুর ১টার দিকে তার লাশ ভেসে ওঠে। মাদকের মামলায় সাজা ভোগের পর গত সপ্তাহে জাফর জামিনে মুক্ত হন বলে জানান তার চাচাতো ভাই। এলাকাবাসী জানায়, জাফর ইকবালকে দৌড়ে নদীর পাড়ের দিকে আসতে দেখেন তারা। তখন জাফর তাদেরকে বলেন, ডিবি পুলিশ তাকে ধাওয়া করেছে। এক পর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবীগঞ্জ এলাকায় গোয়েন্দা পুলিশের কোনো দল শনিবার অভিযান চালায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা পুলিশ অভিযান চালিয়েছে কি না তা আমার জানা নেই।” তবে ধাওয়া খেয়ে এক যুবক নদীতে ঝাঁপ দিলে মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের কোনো দল সাদা পোশাকে থাকে না। বিষয়টির তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭৪৯ ঘ.