সাভার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেলের সাভার অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, “গাড়ির নম্বর প্লেট ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। টোল আদায়ের কার্যক্রমকেও ডিজিটালাইজ করার চিন্তাভাবনা রয়েছে। লোড কন্ট্রোল স্টেশনও হচ্ছে।”
এছাড়াও নাগরিক সুবিধা বৃদ্ধি করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে জানান তিনি।
এর আগে মন্ত্রী সাভার উপজেলায় বিআরটিএ’র ঢাকা জেলা সার্কেলের সাভার অফিসের ফলক উন্মোচন এবং নতুন অফিস উদ্বোধন করেন। পরে অফিসের কার্যক্রম দেখেন।
এ সময় নিরাপদ সড়ক চাই-এর সভাপতি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী এবং বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগরে একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩১ ঘ.
bdnews24