ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কল্যাণপুর ও যশোরের বেনাপোল এলাকা থেকে ছিনতাই করা ১৯ লাখ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া তিনটি পিস্তল ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।
শুক্রবার বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রেজাউল ইসলাম রেজা, একেএম আনিছুর রহমান লেলিন, শেখ শাহাবুদ্দিন, মিন্টু, মো. শওকত আলী ও মো. রোকনুজ্জামান শাওন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুন সন্ধ্যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উত্তরা শাখার হিসাব শাখার প্রধান তোফায়েল আহমেদ ২০ লাখ টাকা নিয়ে কল্যাণপুর যাওয়ার সময় দুই যুবক অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে টাকা লুটের বিষয়টি স্বীকার করেছে বলেও এতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24