চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বউ-শাশুড়িসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে ধোবড়া সন্ন্যাসিপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সন্ন্যাসিপুরের পল্লী চিকিৎসক আহসান হাবিবের মা রোকেয়া বেগম (৬০), স্ত্রী সোনালী বেগম (৪০) ও তাদের প্রতিবেশী রুমালী খাতুন (৫০)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমালী বেগম সকাল ৯টার দিকে আহসান হাবিবের বাড়িতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে স্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করতে গিয়ে রোকেয়া বেগম ও তার ছেলের বউ সোনালীও গুরুতর আহত হন।
স্থানীয়রা ওই তিন নারীকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২০০ ঘ.
bdnews24