পাবনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি এ বি এম ফজলুর রহমানের উপর হামলায় জড়িত অভিযোগে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে জেলা শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে সুজনকে (২৫) গ্রেপ্তার করা হয়। সুজন ওই এলাকার কাজী আনোয়ার হোসেনের ছেলে।
গত ১৯ মে দুপুরে পাবনার এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে ৭/৮ জন যুবক ফজলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। দুই সপ্তাহ পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
পাবনা সদর থানার ওসি আফজাল হোসেন বলেন, সংবাদ প্রকাশের জের ধরে ফজলুর রহমানের উপর হামলা চালানো হয়।
এডওয়ার্ড কলেজের এক শিক্ষক পেশাদার খুনি ভাড়া করে হামলা চালান বলে সুজন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়।
সুজনের দেওয়া তথ্যমতে ওসি আরো বলেন, পরিকল্পনা করে গত ১৯ মে মোবাইল ফোনে ফজলুর রহমানকে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নেয় হামলাকারীরা। এরপর সুজন এবং অপর দু’জন চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে কোপায় ফজলুরকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24